২০২৭ সালের এসএসসির নির্বাচনী পরীক্ষার তারিখ ঘোষণা


২০২৭ সালের এসএসসির নির্বাচনী পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, ঢাকা শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করে ফল প্রকাশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ বিষয়ে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানপ্রধানকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে।