
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআইয়ের ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩–এর মাধ্যমে বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি ৩৩৩ নম্বরে কল করে ৯ প্রেস করলে নাগরিকরা নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন।
এই সেবার মাধ্যমে ভোটাররা ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার নিয়ম এবং প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বরও পাওয়া যাবে।
এ ছাড়া নির্বাচন কমিশনের নির্ধারিত Smart Election Management BD এবং Postal Vote BD অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও তথ্য দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, গত ১৬ জানুয়ারি থেকে পাইলট আকারে চালু হওয়া এই সেবার মাধ্যমে ইতোমধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্য গ্রহণ ও সম্ভাব্য অস্থিরতা আগাম শনাক্তকরণেও ৩৩৩-এর ৯ নম্বর ব্যবহারের বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে না; বরং একটি তথ্য গ্রহণ, সতর্কবার্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার সহায়ক ব্যবস্থা হিসেবে পরিচালিত হবে। প্রয়োজন অনুযায়ী তথ্য ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :