
দেশে আধুনিক প্রযুক্তিতে সামুদ্রিক মাছ চাষের উদ্যোগ নিচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ। ইলিশ, এশিয়ান সিবাস ও গ্রুপার মাছ শিল্প পর্যায়ে উৎপাদনের লক্ষ্যে রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম (আরএএস) পদ্ধতিতে চাষ শুরু করবে গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড।
এ উদ্যোগ বাস্তবায়নে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এ্যাসেনটপ্ট অ্যাকুয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে হবিগঞ্জ অ্যাগ্রো। যৌথ এই প্রকল্পে আগামী দুই বছরে উভয় প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ৩ কোটি ইউরো বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের পক্ষে নির্বাহী পরিচালক নাসের আহমেদ এবং এ্যাসেনটপ্ট অ্যাকুয়ার ব্যবসা উন্নয়ন বিভাগের পরিচালক ইয়েনস ওলে ওলেসেন নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, এ্যাসেনটপ্টের সহযোগী প্রতিষ্ঠান মারিস্কোর ম্যানেজিং পার্টনার থমাস সুদারলিন্ড, এ্যাসেনটপ্ট অ্যাকুয়ার কান্ট্রি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন মো. ইউসুফ এবং প্রাণ-আরএফএল গ্রুপের কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রাণ-আরএফএল জানায়, প্রকল্পটিতে ইনডোর ও সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে আরএএস প্রযুক্তি ব্যবহার করে মাছ উৎপাদন করা হবে। চট্টগ্রাম বিভাগের মীরসরাই অর্থনৈতিক অঞ্চল অথবা উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত অন্য কোনো উপযুক্ত স্থানে প্রকল্পটি স্থাপন করা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি মাছের গড় ওজন হবে প্রায় ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৫ কেজি। বছরে আনুমানিক ২ হাজার মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উৎপাদিত মাছের একটি বড় অংশ বিদেশে রপ্তানি করা হবে এবং বাকি অংশ দেশের বাজারে সরবরাহ করা হবে বলেও জানানো হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, বিশ্ববাজারে সামুদ্রিক মাছের বাড়তে থাকা চাহিদার কথা বিবেচনা করে প্রাণ গ্রুপ এই খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তাঁর মতে, উন্নত দেশগুলোতে অল্প জায়গায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সফলভাবে মাছ চাষ হচ্ছে এবং এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো শিল্প পর্যায়ে সিবাস মাছ উৎপাদনের পথ খুলবে।
এ্যাসেনটপ্ট অ্যাকুয়ার ব্যবসা উন্নয়ন পরিচালক ড. ইয়েনস ওলে ওলেসেন বলেন, ২০১৬ সাল থেকে তাদের সহযোগী প্রতিষ্ঠান মারিস্কো এপিএস বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মাছ চাষে কাজ করে আসছে। তিনি জানান, বাংলাদেশে আরএএস প্রযুক্তিভিত্তিক একটি পূর্ণাঙ্গ মাছ চাষ প্রকল্প বাস্তবায়নের জন্য ড্যানিশ সরকারের অর্থায়ন ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। এই প্রকল্পে ব্রুডস্টক সুবিধাসহ আধুনিক হ্যাচারি স্থাপন করে উন্নতমানের সামুদ্রিক মাছ উৎপাদন করা হবে।
আপনার মতামত লিখুন :