
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে বড় থালায় (খদরে) খাসি না থাকায় বিয়ে না করেই কনের বাড়ি থেকে ফিরে গেছেন জাপানপ্রবাসী এক বর। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কনের বাড়িতে পৌঁছানোর পর ফুল দিয়ে বরকে বরণ করা হয়। তবে ফুল নিয়ে অসন্তোষ প্রকাশ করে সবার সামনে বিরূপ মন্তব্য করেন বর জুনায়েদ। পরে গেট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে তাকে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়।
আত্মীয়-স্বজনদের খাওয়ানোর পর বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বরপক্ষের জন্য খদরে খাবার পরিবেশন করা হয়। কিন্তু সেখানে খাসি না থাকায় আপত্তি জানান জুনায়েদ। খাসি ছাড়া তিনি খাবেন না এবং খাসি না দিলে বিয়ের আনুষ্ঠানিকতাও করবেন না বলে জানান।
কনের স্বজনরা তাকে বোঝানোর চেষ্টা করলেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তিনি। শেষ পর্যন্ত বিয়ে না করেই একা কনের বাড়ি থেকে ফিরে যান জুনায়েদ।
কনের বাবা শফিক মিয়া বলেন, আগে জানানো হলে তিনি খদরে খাসির ব্যবস্থা করতেন। কিন্তু এ বিষয়ে তাকে আগে কিছুই জানানো হয়নি। পরে আত্মীয়-স্বজন সবাই মিলে বরকে বোঝানোর চেষ্টা করলেও তিনি রাজি হননি।
স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মেয়ের বিয়েতে এমন পরিস্থিতি কোনো মা-বাবাই চান না। খাসির বিষয়টি নিয়ে বরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি খাসি ছাড়া বিয়ে করতে রাজি হননি।
জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
আপনার মতামত লিখুন :