২০০৭ সালে ময়মনসিংহ–এর আলোচিত ও রহস্যঘেরা ‘আদম পরিবার’কে ঘিরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সিরিজ ‘চক্র’ ফিরছে দ্বিতীয় কিস্তি নিয়ে। সেই পরিবারের নয়জন সদস্যের একযোগে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার ঘটনাটি সে সময় নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে।
এই রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে নির্মাতা ভিকি জাহেদ–এর তৈরি সিরিজ ‘চক্র’–এর দ্বিতীয় সিজনের আভাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
নিজের পোস্টে বাঁধন লিখেছেন, “শয়তান খোঁজে সুখী সংসার। শয়তান যখন আপনার সবচেয়ে কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর আর কোনো রাস্তা থাকে না। ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের আসল সত্যটা কী ছিল?”
প্রথম সিজনের রুদ্ধশ্বাস সমাপ্তির ইঙ্গিত দিয়ে তিনি আরও লেখেন, “প্রথম সিজনের শেষে যেখানে রহস্য শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছিল, ঠিক সেখান থেকেই আবার শুরু হচ্ছে নতুন এক সাইকোলজিক্যাল গেম।”
পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন ছুড়ে দেন, “শেয়ার্ড হ্যালুসিনেশন নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ংকর কোনো সত্য? আপনারা প্রস্তুত তো?” এবং জানান, রহস্যের জট খুলতে চোখ রাখতে হবে iScreen প্ল্যাটফর্মে, যেখানে আসছে ‘চক্র’ সিজন ২।
উল্লেখ্য, প্রথম সিজনের সাফল্যের পর এবার ঈদুল ফিতর উপলক্ষে সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। ২০০৭ সালের সেই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে মনস্তাত্ত্বিক উপাদান—বিশেষ করে ‘শেয়ার্ড হ্যালুসিনেশন’—যোগ করে নতুন করে দর্শকদের সামনে হাজির হচ্ছেন আজমেরী হক বাঁধন ও নির্মাতা ভিকি জাহেদ।
আপনার মতামত লিখুন :