বিএনপি এত খারাপ হলে তখন মন্ত্রিত্ব ছাড়েননি কেন: জামায়াতকে তারেক রহমান


বিএনপি এত খারাপ হলে তখন মন্ত্রিত্ব ছাড়েননি কেন: জামায়াতকে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে যেসব দল এখন দুর্নীতির অভিযোগ তুলছে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় সেই দলটির দুইজন সদস্য মন্ত্রী ছিলেন। বিএনপি যদি এতটাই খারাপ হতো, তাহলে তারা তখন মন্ত্রিত্ব ছেড়ে কেন চলে আসেননি—এ প্রশ্ন তোলেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, ওই দলটি এখন পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে। তারা বিএনপিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলছে। অথচ বিএনপি সরকারে থাকার পুরো সময়জুড়েই তাদের দুই মন্ত্রী বহাল ছিলেন—এটাই প্রমাণ করে, আজ তারা মিথ্যা বলছে।

তারেক রহমান আরও বলেন, তারা পদত্যাগ করেননি কারণ তারা জানতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠোরভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেননি। আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যানেও দেখা যায়, পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের সময় দেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। কিন্তু ২০০১ সালে বেগম খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার পর দেশ সেই করাল গ্রাস থেকে মুক্ত হতে শুরু করে।

বিকেল ৪টা ৩ মিনিটে স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন তারেক রহমান। বক্তব্যের মাঝপথে তিনি ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের মঞ্চে দাঁড় করিয়ে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। ৪টা ২৬ মিনিটে বক্তব্য শুরু করে ৪টা ৫২ মিনিটে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য শেষ করেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে সবাইকে নিয়ে কেন্দ্রে যেতে হবে। ফজরের নামাজ আদায় শেষে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। শুধু ভোট দিয়েই চলে আসলে হবে না; ভোটের ফলাফল কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে, যাতে কেউ ভোট লুট করতে না পারে।

আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের পর আবার দেখা হবে খাল খনন কর্মসূচিতে। সবাই কোদাল নিয়ে আসবেন, সেদিন আমিও থাকব।

সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ এবং ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’ স্লোগান দেওয়া হয়। ময়মনসিংহের পক্ষ থেকে তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সমাবেশে ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের ধানের শীষের প্রার্থীরাও বক্তব্য দেন। তারা নিজেদের মধ্যে সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় স্লোগান দেওয়া হয়—‘নৌকা গেছে ভারতে, ধানের শীষ গদিতে’।

সমাবেশে অংশ নেওয়া অনেক নেতাকর্মী স্মৃতিচারণ করে বলেন, এর আগে এই মাঠেই তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাবেশে অংশ নিয়েছিলেন।