‘বাংলাদেশের মতো পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপ শেষ হয়ে যাবে’


‘বাংলাদেশের মতো পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপ শেষ হয়ে যাবে’

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। এই অবস্থানকে আরও জোরালো করে একই আহ্বান জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে, পাকিস্তান বিশ্বকাপে অংশ না নিলে টুর্নামেন্টটি তার গ্রহণযোগ্যতা ও মান হারাবে।

ইউটিউব চ্যানেল ‘কট বিহাইন্ড’-এ দেওয়া এক মন্তব্যে রশিদ লতিফ বলেন, ‘যদি পাকিস্তান না যায়, তাহলে সবকিছু ওলটপালট হয়ে যাবে। এটি আর বিশ্বকাপ থাকবে না। অস্ট্রেলিয়া বনাম ভারতের মতো ম্যাচ হয়তো হবে, কিন্তু বিশ্বকাপের মান ধ্বংস হয়ে যাবে। কার্যত বিশ্বকাপ শেষ হয়ে যাবে।’

তিনি বলেন, বিশ্বকাপের প্রকৃত মর্যাদা নির্ভর করে বড় দলগুলোর অংশগ্রহণের ওপর। পাকিস্তানের মতো একটি দল না থাকলে টুর্নামেন্টটি কেবল কিছু দ্বিপাক্ষিক বড় ম্যাচে সীমাবদ্ধ হয়ে পড়বে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় রশিদ লতিফ আরও বলেন, বোর্ড প্রধানের বক্তব্য ইঙ্গিত দেয় যে পাকিস্তান ইতোমধ্যে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের দিকেই এগোচ্ছে। তিনি মনে করেন, বিষয়টি এখন শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছে গেছে।

উল্লেখ্য, বাংলাদেশের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পর টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।