বাঁধনের ওপর হামলা, নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন


বাঁধনের ওপর হামলা, নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগকে গুরুত্বের সঙ্গে নিয়েছে স্থানীয় প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে ইতালির পুলিশের একটি বিশেষ ইউনিট।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইতালির সংবাদমাধ্যম ‘ইল গাজ্জেত্তিনো’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের ‘ওরিয়ন্তি’ বিভাগে নির্বাচিত রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রতিনিধি হিসেবে বর্তমানে ভেনিসে অবস্থান করছেন বাঁধন। মেস্ত্রে এলাকায় অবস্থানকালে একদল প্রবাসী বাংলাদেশির সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা ও শারীরিকভাবে হেনস্তার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী।

বাঁধনের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে গালাগাল করেন। এ সময় তার দিকে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয় এবং শারীরিকভাবে আঘাত করা হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনাস্থলে তার সঙ্গে পরিবারের সদস্য ও ছোট একটি শিশুও ছিল বলে জানান বাঁধন।

অভিনেত্রীর অভিযোগ, একপর্যায়ে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয় এবং কানের পাশেও আঘাত করা হয়। হামলাকারীরা তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেছিল এবং সেই দৃশ্য ভিডিও ধারণ ও সরাসরি সম্প্রচার করছিল বলেও দাবি করেন তিনি।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান বাঁধন। সেখানে তিনি অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজন প্রবাসী ছিলেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাঁধন বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে পার্কে যাওয়ার সময় একদল প্রবাসী বাংলাদেশি তাদের ঘিরে ধরেন। তার সঙ্গে থাকা ভাইয়ের শিশুসন্তান ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং চিৎকার করতে থাকে বলেও জানান তিনি।

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাঁধন বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তার মনে হয়েছিল তাকে হত্যা পর্যন্ত করা হতে পারে। তবে এ ধরনের ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা সম্ভব নয় বলেও দৃঢ়তা প্রকাশ করেন তিনি।

এদিকে ভেনিস পুলিশের তদন্তের পাশাপাশি ঘটনাটি নিয়ে বাংলাদেশের বিনোদন অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁধনের পাশে দাঁড়িয়ে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বেশ কয়েকজন অভিনয়শিল্পী।

অভিনেত্রী পরী মণি ঘটনার একটি ভিডিও শেয়ার করে অভিযুক্তদের আচরণের তীব্র সমালোচনা করেন। মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুলও নারী ও শিল্পীদের প্রতি সহিংসতা এবং অসহিষ্ণুতার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অভিনেত্রী জাকিয়া বারী মম সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও প্রকাশ করে ক্ষোভ জানান। পাশাপাশি দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও নিজের উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।

ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির বলেন, দেশের বাইরে গিয়ে চলচ্চিত্র ও নিজের দেশের প্রতিনিধিত্ব করতে থাকা একজন শিল্পীকে হয়রানি কিংবা আতঙ্কের মধ্যে পড়তে হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবং অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ও। পৃথক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তারা ঘটনার প্রতিবাদ জানান এবং দেশে ও দেশের বাইরে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এদিকে ভেনিস পুলিশের বিশেষ ইউনিটের তদন্তে সিসিটিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।