
দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
নিজের একটি ছবি প্রকাশ করে বিদায়ী বার্তায় মেসি জানান, জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া তার জন্য অত্যন্ত কঠিন ছিল। তিনি লিখেছেন, ‘অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। এটি এমন একটি সিদ্ধান্ত, যা নিতে আমার খুব কষ্ট হয়েছে এবং এখনও বুকের ভেতর ব্যথা করে। কিন্তু আমি বুঝতে পারছি, এখনই সেই সময়।’
জাতীয় দলের জার্সিতে নিজের সর্বোচ্চটা দেওয়ার কথা উল্লেখ করে মেসি বলেন, শুধু সাফল্যের সময় নয়, কঠিন সময়েও তিনি আর্জেন্টিনার হয়ে সর্বদা লড়াই করেছেন। দেশের মানুষের মুখে হাসি ফোটানো এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হওয়ার গর্ব অনুভব করানোর জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন বলেও জানান তিনি।
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি আরও বলেন, গত দুই দশকে পাওয়া ভালোবাসা ও সমর্থন তিনি কখনো ভুলবেন না। মাঠে সমর্থকদের কণ্ঠস্বর মিস করবেন জানিয়ে তিনি বলেন, এখন থেকে বাইরে থেকে একজন সমর্থক হিসেবে দলের পাশে থাকবেন—ভালো সময়ের মতো কঠিন সময়েও।
২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় মেসির। এরপর দুই দশকের বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে দেশকে দুটি কোপা আমেরিকা, একটি ফিনালিসিমা ও ২০২২ বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ ছিল সর্বশেষ বিশ্বকাপের ফাইনাল, যেখানে স্পেনের কাছে ১–০ গোলে হেরে শিরোপা থেকে বঞ্চিত হয় আর্জেন্টিনা। সেই ম্যাচের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ফুটবলের অন্যতম সেরা এই তারকা।
আপনার মতামত লিখুন :