
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জানুয়ারিতে অপহরণের পর প্রথমবারের মতো মার্কিন হেফাজতে দেখা গেছে। তাঁর নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করা ছবিতে তাঁকে দেখা যায়।
নাতি-নাতনি ও সমর্থকদের উদ্দেশে ছবিগুলো শেয়ার করা হয়েছে। ছবিতে মাদুরোকে ধূসর ট্র্যাকস্যুট পরা অবস্থায় দেখা যায়। তিনি দুই হাতে ভি চিহ্ন দেখিয়েছেন। ছবিতে তাঁকে আগের তুলনায় বেশ রোগা মনে হয়েছে।
মাদক-সন্ত্রাসবাদ ও মাদক পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় রয়েছেন মাদুরো।
গতকাল রবিবার এক্স ও টেলিগ্রামে স্প্যানিশ ভাষায় দুটি ছবি প্রকাশ করেন মাদুরো। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘আমার নাতি-নাতনি, ছেলে-মেয়ে এবং যারা আমাদের ভালোবাসেন, সেই সব মানুষের জন্য এই ছবিগুলো ছোট্ট উপহার।’
তিনি আরো লেখেন, ‘আপনারা জানুন, আমরা ভালো আছি এবং শক্ত আছি।
আমাদের হৃদয় আপনাদের ভালোবাসায় ভরা। আমরা শক্ত, শান্ত ও আত্মবিশ্বাসী থাকব। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। ভেনেজুয়েলা আবার ঘুরে দাঁড়াবে।’
ছবি রবিবার প্রকাশ করা হলেও ছবির সময়ের তথ্য অনুযায়ী, এগুলো গত ২৫ জুন তোলা হয়েছিল।
ছবিগুলো আসল কি না এবং আটককেন্দ্রের কর্তৃপক্ষ এগুলো প্রকাশের অনুমতি দিয়েছিল কি না, তার তাৎক্ষণিক কোনো উত্তর পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :