
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর বিএনপির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর মির্জা ফখরুল দলীয় মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও ছেড়েছেন।
এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরই তিনি দলীয় পদ ও সরকারের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ—দুই ক্ষেত্রেই নতুন নেতৃত্ব আসবে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে এখন বিএনপির পরবর্তী মহাসচিব এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাচ্ছেন, তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :