
বরগুনায় মাদকবিরোধী অভিযানে ২০টি ইয়াবাসহ সুমন মৃধা নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সুমন মৃধা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের বাসিন্দা। তিনি আব্দুর রহিম মৃধার ছেলে। পুলিশ জানিয়েছে, সুমন জুলাই গণ-অভ্যুত্থানে আহত এবং গেজেটভুক্ত একজন জুলাইযোদ্ধা।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে হেউলিবুনিয়া এলাকায় সন্দেহজনক গতিবিধির বিষয়ে তথ্য পাওয়ার পর অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। দফাদার বাড়ির সামনে অভিযানকালে সুমন মৃধাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ২০টি ইয়াবা পাওয়া যায় বলে দাবি পুলিশের।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. সাজ্জাত হোসেন বলেন, আটকের পর সুমন মৃধাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তাকে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুমন মৃধার বিরুদ্ধে মামলা করেছে ডিবি পুলিশ।
আপনার মতামত লিখুন :