
নির্বাচনের আগেই ভুয়া সিল ও ব্যালট ছাপানোর মাধ্যমে ভোট প্রভাবিত করার অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, যারা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে এবং যাদের মানুষ ‘গুপ্ত’ নামে চেনে, তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ও ব্যালট ছাপাচ্ছে।
বুধবার বরিশাল নগরের বান্দ রোডের বেলস পার্কে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।
তারেক রহমান বলেন,
“গত কয়েকদিন ধরে পত্র-পত্রিকায় আমরা খবর দেখতে পাচ্ছি—গুপ্ত নামে পরিচিতদের লোকজন বিভিন্ন প্রেসে ভুয়া ব্যালট ছাপাচ্ছে, যেগুলো তারা পকেটে করে নিয়ে যাবে। শুধু তাই নয়, তারা বিভিন্ন জায়গায় গিয়ে নিরীহ মা-বোনদের কাছ থেকে এনআইডি নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে।”
তিনি আরও বলেন,
“এই জালেমের দল বলছে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। কিন্তু নির্বাচনের আগেই যদি অনৈতিক কাজ দিয়ে শুরু করে, তাহলে তারা কীভাবে সৎ শাসন দেবে?”
মা-বোনদের কাছ থেকে তথ্য সংগ্রহের ঘটনাকে অপমানজনক উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, অভিযুক্তরা ধরা পড়ার পর এখন মিথ্যা অজুহাত দিচ্ছে।
“তারা বলছে, তাদের আইডি হ্যাক হয়েছিল। অথচ বিশেষজ্ঞরা বলছেন, আইডি হ্যাক হয়নি। ধরা পড়ার পরই তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে।”
এর আগে দুপুর ১২টার দিকে তারেক রহমান হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন। দীর্ঘ দুই দশক পর বরিশাল সফরে আসেন তিনি। সর্বশেষ ২০০৬ সালে তিনি বরিশালে এসেছিলেন, তখন তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন।
তার আগমন উপলক্ষে বরিশাল বিভাগ ও জেলার শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সভাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।
সকাল থেকেই বরিশাল বিভাগের ছয় জেলার লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য বেলস পার্ক ও আশপাশের এলাকায় জড়ো হন।
দক্ষিণাঞ্চলে তারেক রহমানের এই সফর বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা ও আগ্রহ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন দলীয় নেতারা।
আপনার মতামত লিখুন :