প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তীকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (আজ) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই দুই মামলার রায় ঘোষণা করেন। রায়ে শেখ হাসিনাসহ ১২ জনের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের আদেশে উল্লেখ করা হয়, পৃথক এক মামলায় রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তীকে ৭ বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সাজা দেওয়া হয়েছে। দুই মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সাজা দেওয়া হয়।
এই মামলায় শেখ হাসিনার সঙ্গে দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন— সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন উদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, সাবেক সদস্য তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন এবং মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী।
পৃথক আরেক মামলায় রাজউকের সাবেক পরিচালক কামরুল ইসলামসহ ছয়জনকে ৫ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কারাগারে আটক রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে দুই মামলায় এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার দুটি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক দুটি মামলা দায়ের করে। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ এই রায় ঘোষণা করা হয়।
এর আগে দুদকের করা আরও চারটি মামলার রায়ে শেখ হাসিনার ২৬ বছর এবং পৃথক মামলায় সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের কারাদণ্ডের আদেশ দেন আদালত।


দেশবাংলা২৬ ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৬, ২:৩৩ অপরাহ্ন

আপনার মতামত লিখুন :