
রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসার সামনে থেকে পুলিশ দুইজনকে আটক করেছে। রোববার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. রুহুল আমিন ও ওমর ফারুক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, রুহুল আমিন একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী। তিনি তারেক রহমানের বাসভবনের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। ছবি তোলার কারণ জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি।
ওসি আরও জানান, ওমর ফারুককে আটকের পর তার দেহ তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসনে থাকার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় ওঠেন তারেক রহমান। তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও দেশে ফেরেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূত্রে প্রাপ্ত এই বাসাটি ১৯৮১ সালে তার মৃত্যুর পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সর্বসম্মত সিদ্ধান্তে খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। কয়েক মাস আগে বাড়িটির দলিলপত্র হস্তান্তরের পর তা বসবাসের উপযোগী করে প্রস্তুত করা হয়।
আপনার মতামত লিখুন :