অনুমতি ছাড়া হজে গেলে ২০ হাজার রিয়াল জরিমানা, ১০ বছরের নিষেধাজ্ঞা


অনুমতি ছাড়া হজে গেলে ২০ হাজার রিয়াল জরিমানা, ১০ বছরের নিষেধাজ্ঞা

সৌদি আরব–এ অনুমতি ছাড়া হজ পালন বা পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানার মুখে পড়তে হতে পারে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এর পাশাপাশি দেশ থেকে বহিষ্কার এবং সর্বোচ্চ ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার কথাও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর হজবিধি কার্যকর করেছে সৌদি সরকার। এ অবস্থায় বাংলাদেশি নাগরিকদের নির্ধারিত নিয়ম কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ হজ পারমিট ছাড়া হজে অংশ নেওয়া বা অংশ নেওয়ার চেষ্টা করলেই এই শাস্তি কার্যকর হতে পারে। শুধু অবৈধ হাজিরাই নয়, তাদের সহযোগিতাকারীদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ হাজিদের পরিবহন, আবাসন বা অন্য কোনোভাবে সহায়তা করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যার ওপর ভিত্তি করে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।

এই বিধান ট্রাভেল এজেন্সি, আবাসন সেবা প্রদানকারী, যানবাহনের মালিক এবং অবৈধভাবে হাজিদের আশ্রয়দানকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। একই সঙ্গে এসব কাজে ব্যবহৃত যানবাহন আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করারও সতর্কতা দেওয়া হয়েছে।

সৌদি আরবের নতুন নির্দেশনা অনুযায়ী, কেবল অনুমোদিত হজ পারমিটধারীরাই মক্কা এবং নির্ধারিত পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। জিলকদ মাসের প্রথম দিন থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

এ সময় ভিজিট ভিসাধারীরা বৈধ হজ অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ বা সেখানে অবস্থান করতে পারবেন না বলেও জানানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক, প্রবাসী ও সব ধরনের ভিসাধারীকে এসব নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

পাশাপাশি আইন লঙ্ঘনের তথ্য জরুরি নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে। প্রধান অঞ্চলগুলোতে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে অভিযোগ জানানো যাবে বলে উল্লেখ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও শুরু করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ পারমিট প্রচারের অভিযোগে মক্কায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।