‌‘বাংলার জনগণকে প্রণাম’— শুভেন্দুর মঞ্চে মাথা নত করলেন মোদী


‌‘বাংলার জনগণকে প্রণাম’— শুভেন্দুর মঞ্চে মাথা নত করলেন মোদী

ভারতের কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এনডিএ জোটের শীর্ষ নেতারা এবং হাজার হাজার বিজেপি সমর্থক। ভারতীয় সংবাদমাধ্যম The Times of India জানিয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপির এই বিজয়কে গেরুয়া শিবিরের জন্য ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী মঞ্চ থেকে জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে তিনি হাঁটু গেড়ে বসে করজোড়ে মাথা নত করেন। তার এই মুহূর্তে পাশে দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা।

শনিবার (৯ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী লেখেন,
“পশ্চিমবঙ্গের জনগণকে প্রণাম জানাই! জনগণের আশীর্বাদই গণতন্ত্রের প্রকৃত শক্তি এবং জনসংকল্পের মহত্তম উৎস।”

এদিকে বিজেপির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়,
“বাংলার মাটি থেকে, এর মানুষের পক্ষ থেকে অগণিত অভিবাদন ও আন্তরিক ধন্যবাদ। এই দৃশ্যটি বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের ওপর বাংলার জনগণের রাখা আস্থার প্রতি শ্রদ্ধাঞ্জলি।”