‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা নেই ছাত্রদল নেতা বহিষ্কার


‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা নেই ছাত্রদল নেতা বহিষ্কার

গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিক ফেডারেশনের নেতা মাজহারুল ইসলামের কাছে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা রাতুল শিকদার অমিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি গাজীপুর মহানগরের ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।

মঙ্গলবার (১৬ জুন) গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান মিরন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাতুল শিকদার অমির একটি অডিও কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে একজনের কাছে চাঁদা দাবি ও হুমকি দিতে শোনা যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই রাতেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এদিকে মঙ্গলবার সকালে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম বাদী হয়ে রাতুল শিকদারসহ ছয়জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গাজীপুরের সাতাইশ এলাকায় শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে বিভিন্ন সময়ে অভিযুক্তরা চাঁদা নিতে যেতেন। পরে কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হলেও সেখানে গিয়েও তারা চাঁদা আদায় অব্যাহত রাখেন। অভিযোগ অনুযায়ী, কয়েক মাস আগে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাজহারুল ইসলামকে আটক করে একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে ৬৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। এরপর থেকে মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে নিয়মিত চাঁদা দাবি করা হতো এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকি দেওয়া হতো।

সোমবার ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডে রাতুল শিকদারকে চাঁদার টাকা দাবি করতে এবং প্রভাবশালী ব্যক্তিদের নাম উল্লেখ করে হুমকি দিতে শোনা যায়।

অভিযোগের বিষয়ে জানতে রাতুল শিকদার অমির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, রাতুল শিকদারের বিরুদ্ধে চাঁদাবাজির একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।