
যশোরের বাঘারপাড়া-অভয়নগর আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গোলাম রসুল ও তাঁর মেয়েকে ঘিরে মাদ্রাসার যাতায়াতের রাস্তা নিয়ে সৃষ্ট বিরোধ মঙ্গলবার সংঘর্ষে রূপ নেয়। ঘটনার জেরে বিক্ষুব্ধ এলাকাবাসী এমপির বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংসদ সদস্যের পরিবারকে নিরাপত্তা দেয়।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, যশোর শহরের নীলগঞ্জ এলাকায় গোলাম রসুলের বাসভবনের সামনে অবস্থিত একটি মাদ্রাসার যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের বিরোধ চলছিল। সোমবার এমপির মেয়ে অনন্যার সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর বাক্বিতণ্ডা হলে পুলিশ মধ্যস্থতা করে পরিস্থিতি শান্ত করে।
তবে মঙ্গলবার সকালে গোলাম রসুল ও তাঁর মেয়ে আবার মাদ্রাসায় গেলে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে রেক্সোনা নামে এক নারী আহত হন। পরে আরেক অভিভাবকের সঙ্গেও সংঘর্ষের অভিযোগ ওঠে। এসব ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা এমপির বাসভবনের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গোলাম রসুল ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ির ভেতরেই অবস্থান নেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে।
বিক্ষোভকারীদের অভিযোগ, সংশ্লিষ্ট মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আগের দিনের বিরোধের ধারাবাহিকতায় মঙ্গলবার আবারও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর পরপরই স্থানীয়রা বিচার দাবিতে সংসদ সদস্যের বাসভবনে হামলা ও ভাঙচুর করেন। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনার পর ফেসবুক লাইভে এসে গোলাম রসুল বলেন, মাদ্রাসার যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা চান এবং স্থানীয়দের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাসের ইচ্ছার কথা জানান।
একই লাইভে তিনি দাবি করেন, তাঁর মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন এবং এ কারণে দেশে ও ভারতের হায়দরাবাদে চিকিৎসা করানো হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং তাঁদের বাসভবনে হামলা বা অগ্নিসংযোগের আশঙ্কা করছেন।
তবে ওসি মাসুম খান বলেন, পুলিশ সংসদ সদস্য ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটি তাঁর ব্যক্তিগত মন্তব্য।
আপনার মতামত লিখুন :