
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা সেই স্বাধীনতার অন্তর্ভুক্ত নয়।
বুধবার (৬ মে) সংসদ ভবনে নিজের কার্যালয়ে ইউনেস্কো-এর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজ-এর নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে প্রশিক্ষণ-কর্মশালার আয়োজন করা প্রয়োজন। তিনি আরও জানান, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ইউনেস্কোর মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ইউনেস্কোর শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি কার্যক্রম থেকে বাংলাদেশের শিশুরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। পাশাপাশি সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইন সম্পর্কে জনগণের সচেতনতা বাড়ানো জরুরি বলেও উল্লেখ করেন তিনি। এসব ক্ষেত্রে ইউনেস্কোর আরও সহযোগিতা কামনা করেন ডেপুটি স্পিকার।
অন্যদিকে ইউনেস্কো প্রতিনিধিদল জানায়, গণমাধ্যম উন্নয়ন, তথ্য যাচাই, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির সক্ষমতা বৃদ্ধিতে তারা বাংলাদেশে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাবে।
আপনার মতামত লিখুন :