
বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করতে শুরু করেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে আগামী ২৭ মে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশে ঈদ কবে হবে—তা নিয়ে তৈরি হয়েছে কিছুটা আলোচনা ও অপেক্ষা।
সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, ১৬ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে হবে ৩০তম দিন। অর্থাৎ জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে ধরে নিয়ে হিসাব করলে ২৭ মে ঈদ হওয়ার সম্ভাবনা দাঁড়ায়।
একইভাবে পাকিস্তানেও জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সেখানেও ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে। অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ মে (বুধবার) অথবা ২৮ মে (বৃহস্পতিবার) ঈদ শুরু হতে পারে বলে জানিয়েছে মুসলিম জীবনবিষয়ক প্ল্যাটফর্ম Hyphen Online।
সংযুক্ত আরব আমিরাতও সম্ভাব্য তারিখ জানিয়েছে। দেশটির হিসাব অনুযায়ী, আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে এবং সে হিসেবে ২৭ মে পালিত হতে পারে ঈদুল আজহা।
তবে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।
ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরবর্তী মাস হলো জিলহজ এবং এই মাসের ১০ তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা। তবে চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ধারণ নির্ভর করে চাঁদ দেখার ওপর।
বাংলাদেশে এ বিষয়ে সিদ্ধান্ত দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। তাই চাঁদ দেখার পর কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই নিশ্চিত হবে দেশে ঈদ কবে উদযাপিত হবে।
আপনার মতামত লিখুন :