
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর তিনি হাসপাতালে পৌঁছান।
হাসপাতালে অবস্থানকালে প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সহায়তার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। তিনি দেশবাসীর প্রতি বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান। প্রায় আধা ঘণ্টা হাসপাতালে থাকার সময় তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধরার অনুরোধ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
হাসপাতালে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জে এম জাহিদ হোসেন, ডা. শাহাবুদ্দিন তালুকদার, পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার।
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল টিম প্রধান উপদেষ্টাকে ব্রিফ করে জানায়, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। উন্নত ও সার্বিক মেডিকেল ব্যবস্থাপনার গভীর মূল্যায়নের প্রয়োজনীয়তা অনুভব করায় সম্প্রতি যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে চিকিৎসায় যুক্ত হয়েছে।
বুধবার সকালে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ দলের প্রধান ডা. রিচার্ড বিলি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন নিশ্চিত করেছেন।
চিকিৎসক দলের মতে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল, তবে আরও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বাড়তি বিশেষজ্ঞ মতামত অত্যন্ত জরুরি বলে মনে করছেন তারা।
আপনার মতামত লিখুন :