
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে আবেগঘন বার্তা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’ শিরোনামের একটি ফটোকার্ড শেয়ার করেন।
এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ব্যাপারে গণমাধ্যমকে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, চেয়ারপারসনের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন।”
এর আগে রবিবার (২৩ নভেম্বর) রাতে অসুস্থতা অনুভব করলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই মেডিক্যাল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
আপনার মতামত লিখুন :