
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতে আশ্রয়ে আছেন। সেখান থেকে মাঝে মধ্যেই ফোন রেকর্ড পাঠিয়ে আলোচনার জন্ম দেন তিনি। এর মধ্যেই দেশের আদালত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। যা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে। সেই তালিকায় এবার নাম লেখাল পাকিস্তান।
শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক প্রশ্নের জবাবে হাসিনার মৃত্যুদণ্ডাদেশকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মৃত্যুদণ্ড দেশটির একটি ‘অভ্যন্তরীণ বিষয়’। বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার সমস্যা সমাধানে সম্পূর্ণরূপে সক্ষম।
জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা ৫টি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং দুটিতে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতি অপরাধ ট্রাইব্যুনাল। গত ১৭ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। একই দিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :