
বাংলাদেশের রাজনীতিতে দেশের মানুষই সর্বোচ্চ শক্তির উৎস—এমন মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো দেশ বা শক্তির দিকে তাকিয়ে নয়, তাদের রাজনীতি পরিচালিত হবে শুধুই বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে। তাঁর ভাষায়, “দিল্লি নয়, পিন্ডি নয়—অন্য কোনো দেশও নয়। আমাদের অগ্রাধিকার একটাই, বাংলাদেশ।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রস্তাবিত উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আসন্ন ১২ তারিখের নির্বাচন শুধু একটি ভোটের দিন নয়—এটি জনগণের শাসন প্রতিষ্ঠা ও দেশ পুনর্গঠনের সুযোগ। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভোটের দিন সর্বোচ্চ সচেতন থাকতে হবে এবং ভোটকেন্দ্রে যেতে হবে গভীর প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়ে। তাঁর অভিযোগ, একটি রাজনৈতিক দল নানা কৌশলে ভোটাধিকার হরণ করার চেষ্টা করছে।
বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনায় ন্যায়পরায়ণতা ও নৈতিকতার আদর্শ অনুসরণ করা হবে—এমন আশ্বাস দিয়ে তিনি বলেন, রাসুল (সা.)-এর শাসনব্যবস্থার ন্যায় ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়েই বিএনপি এগোবে।
তিনি অতীতের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই—বাংলাদেশের মানুষ বহু আগেই তাদের চিনে ফেলেছে। সেই সময়ের বিশ্বাসঘাতকতার কারণেই অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে এবং অসংখ্য নারী নির্যাতনের শিকার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
লক্ষাধিক মানুষের উপস্থিতিতে শায়েস্তাগঞ্জের এই জনসভা থেকে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে তারেক রহমান ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব শ্রেণির মানুষকে স্বাবলম্বী করার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, চা-বাগানের নারী শ্রমিক ও গ্রামীণ নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে।
গত দেড় দশকের নির্বাচন নিয়ে কঠোর সমালোচনা করে তারেক রহমান বলেন, উন্নয়নের নামে এই সময়কালে জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে এবং একের পর এক সাজানো নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।
হবিগঞ্জ জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে তারেক রহমান বিকেল ৫টা ৩৪ মিনিটে মঞ্চে উপস্থিত হন। তিনি মঞ্চেই নেতাকর্মীদের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করেন এবং প্রায় আধা ঘণ্টা বক্তব্য দেন। তার আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার সিফা। তিনি হবিগঞ্জ জেলার চারটি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু। এছাড়া বক্তব্য দেন ডা. সাখাওয়াত হোসেন জীবন, ড. রেজা কিবরিয়া, জি কে গউছ, এস এম ফয়সল এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিম।
আপনার মতামত লিখুন :