থালাপতিকে মোদির অভিনন্দন


থালাপতিকে মোদির অভিনন্দন

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়কে (থালাপতি বিজয়) অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। মোদি বলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় থিরু সি জোসেফ বিজয়কে আন্তরিক অভিনন্দন। পাশাপাশি নতুন দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন তিনি।একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তামিলনাড়ুর উন্নয়ন ও জনগণের জীবনমান বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।

এর আগে, রবিবার সকালে চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন থালাপতি বিজয়। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। টাইমস অব ইন্ডিয়া বলছে, শপথ অনুষ্ঠানে ভারতের জাতীয় রাজনীতির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাও উপস্থিত ছিলেন।এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিজয়।

শপথ নেওয়ার পর প্রথম ভাষণে বিজয় নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘কোনো রাজকীয় পরিবার থেকে না আসা একজন মানুষ হিসেবেই জনগণ তাকে গ্রহণ করেছে।’ নতুন মুখ্যমন্ত্রী বলেন, জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার রাজনীতিতে তিনি বিশ্বাসী নন। বরং প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তামিলনাড়ুকে নতুন পথে এগিয়ে নিতে চান।

এ লক্ষ্য পূরণে জনগণের সহযোগিতা ও কিছুটা সময়ও কামনা করেন তিনি। সরকার পরিচালনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বিজয় বলেন, আমাকে ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। আমিই একমাত্র ক্ষমতার কেন্দ্র।