
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২০৪ জন বন্দি। বর্তমানে এই কারাগারে প্রায় ২ হাজার ৬০০ জন হাজতি ও কয়েদি রয়েছেন।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্দিদের মধ্যে প্রায় অর্ধেক সাজাপ্রাপ্ত কয়েদি এবং বাকি অংশ বিচারাধীন মামলার হাজতি। দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকার কারণে অনেক কয়েদি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। ফলে তারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনও করতে পারেননি।
কারাগার সূত্রে জানা যায়, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ২৭৩ জন বন্দি নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই শেষে নাম, ঠিকানা ও সংসদীয় আসনসহ সব তথ্য সঠিক থাকায় ২০৪ জনের নামে ব্যালট ইস্যু করা হয়। ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে শনিবার বিকেল পর্যন্ত তারা তাদের ভোট প্রদান করেন।
নিবন্ধনের পর ৩২ জন বন্দি জামিনে মুক্ত হওয়ায় তাদের ভোট গ্রহণ সম্ভব হয়নি। ভোট দেওয়া সম্পন্ন হওয়া ২০৪টি ব্যালট ইতোমধ্যে পোস্ট অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এদিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি এনামুল হক পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেননি। ফলে তারা ভোটাধিকার প্রয়োগও করেননি।
এ বিষয়ে সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, “কারাগারে থাকা সবাইকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছিল। যারা ইচ্ছুক ছিলেন, তারা নিবন্ধন করেছেন। ভোট দেওয়া বন্দিদের ব্যালট যথাযথ প্রক্রিয়ায় পোস্ট অফিসে পাঠানো হয়েছে।”
আপনার মতামত লিখুন :