আসিফ মাহমুদের দুর্নীতির বিচার বাংলাদেশেই হবে: ছাত্রদল সম্পাদক নাছির


আসিফ মাহমুদের দুর্নীতির বিচার বাংলাদেশেই হবে: ছাত্রদল সম্পাদক নাছির

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বিরুদ্ধে উত্থাপিত বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগের বিচার বাংলাদেশেই হবে বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেন, এই দুর্নীতি দেশের মানুষের কাছে নতুন কিছু নয় এবং এর বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করতে হবে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। নাছির উদ্দিন নাছির অভিযোগ করেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে দুটি রাজনৈতিক শক্তি গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তার দাবি, জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র প্রতিনিধি হিসেবে পরিচিত আসিফ মাহমুদ পরবর্তীতে উপদেষ্টা হয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতিতে জড়িয়েছেন, যা এখন ‘ওপেন সিক্রেট’।

তিনি আরও বলেন, বর্তমানে আসিফ মাহমুদ নির্বাচন কমিশনে এসে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছেন। তবে নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান— কোনো ব্যক্তির হুমকিতে তাদের ভয় পাওয়ার প্রশ্নই আসে না। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে দেশের মানুষ সচেতন এবং ছাত্রদলের নেতাকর্মীরা এসব হুমকিতে ভয় পায় না বলেও তিনি জানান।

নাছির উদ্দিন নাছির বলেন, ৫ আগস্টের পর একটি মহল নির্বাচন কমিশনের সামনে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। কমিশনের উচিত সংবিধান ও আইনের দেওয়া ক্ষমতা কাজে লাগিয়ে দৃঢ় অবস্থান নেওয়া এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়েও তীব্র সমালোচনা করেন ছাত্রদল সাধারণ সম্পাদক। তিনি বলেন, বর্তমানে দায়িত্বে থাকা উপাচার্য চরম অসত্য বক্তব্য দিয়ে চলেছেন। তার অভিযোগ অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫ জানুয়ারি একটি চিঠির মাধ্যমে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হলেও সেই তথ্য গোপন রাখা হয় এবং কোনো ছাত্র সংগঠনকে জানানো হয়নি।

তিনি আরও দাবি করেন, পরে ওই উপাচার্য ঢাকায় গিয়ে তার পছন্দের সংগঠনকে সুবিধা দিতে তদবির করে হঠাৎ করে ২০ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করেন। এছাড়া নির্বাচনের আগে ছয় দিন প্রচারণা বন্ধ রাখার ঘটনাকে তিনি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের পরিপন্থী বলে মন্তব্য করেন।

নাছির উদ্দিন নাছির বলেন, এমন একজন ব্যক্তি এই গুরুত্বপূর্ণ পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। শিক্ষার্থীদের স্বার্থে উপাচার্যের উচিত অবিলম্বে পদত্যাগ করা।

তিনি আরও জানান, ছাত্র সংসদ নির্বাচনের জন্য গঠিত ১৫ সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে ইতোমধ্যে আটজন পদত্যাগ করেছেন। এ অবস্থায় বিতর্কিত উপাচার্য ও প্রশ্নবিদ্ধ কমিশনের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

শেষে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, তারা শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তিনটি বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি রাত পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।