‘কেউ ৮ হাজার আর কেউ ৭০ হাজার টাকা পায়, এমন বৈষম্য চলতে পারে না’


‘কেউ ৮ হাজার আর কেউ ৭০ হাজার টাকা পায়, এমন বৈষম্য চলতে পারে না’

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার আগেই শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

নূর বলেন, সরকারের মেয়াদ এখন শেষ পর্যায়ে। নবম পে-স্কেল নিয়ে দীর্ঘদিন আলোচনা হলেও এখনও যৌক্তিক সমাধান আসেনি। তিনি জোর দিয়ে বলেন, বেতন কাঠামোর বৈষম্য দূর করা জরুরি—“কেউ ৮ হাজার আর কেউ ৭০ হাজার টাকা পায়, এমন বৈষম্য চলতে পারে না।”

সমাবেশে দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মো. লুৎফর রহমান আল্টিমেটাম দিয়ে বলেন, ৩০ নভেম্বরের মধ্যে পে-কমিশনের রিপোর্ট জমা না হলে ১ ডিসেম্বর থেকে আন্দোলনে নামা হবে। একই সঙ্গে ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান তিনি।

বক্তারা নবম পে-স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার বিতর্কিত বক্তব্য প্রত্যাহারেরও দাবি করেন এবং বলেন, নির্বাচন আগে গেজেট প্রকাশ না হলে তারা কেউ নির্বাচনে অংশ গ্রহণ করবেন না।