ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্ত যৌক্তিক: শহীদ


ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্ত যৌক্তিক: শহীদ

ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে অবস্থান নিয়েছে, তা সঠিক ও সময়োপযোগী।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনার পর বিসিবি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে চিঠি দিয়েছে। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ভেন্যু পরিবর্তনের সংস্কৃতি ভারতই শুরু করেছে, যা ক্রিকেটের জন্য লজ্জাজনক। তিনি মন্তব্য করেন, ভারতের প্রভাব ও আর্থিক ক্ষমতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।

পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার আরও বলেন, ক্রিকেটকে টিকিয়ে রাখতে হলে ভারতের প্রতি আইসিসির অতিরিক্ত পক্ষপাত কমানো জরুরি। তিনি উল্লেখ করেন, আইসিসি কেবল ভারতীয় ক্রিকেট কাউন্সিল নয়, এটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সংস্থাটিতে ভালো চিন্তাভাবনার মানুষ আছেন, তবে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এখন অত্যন্ত প্রয়োজন। আফ্রিদির মতে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ভেন্যু পরিবর্তন করা উচিত।

উল্লেখ্য, আইপিএলের এবারের নিলামে ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে গত শনিবার তাকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশটিতে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।