ট্রফি ছাড়াই শুরু বিপিএল ২০২৫, বিতর্কের মাঝেই মাঠে গড়াল দ্বাদশ আসর


ট্রফি ছাড়াই শুরু বিপিএল ২০২৫, বিতর্কের মাঝেই মাঠে গড়াল দ্বাদশ আসর

নানা জটিলতা, সমালোচনা আর অনিশ্চয়তার আবহেই শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর। বিদেশ থেকে ট্রফি এসে না পৌঁছানোয় উদ্বোধনী দিনে মাঠে দেখা যায়নি টুর্নামেন্টের সবচেয়ে প্রতীকী অনুষঙ্গটি—বিপিএলের ট্রফি। ব্যতিক্রমী এই ঘটনায় আলোচনা আরও তীব্র হয়েছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগকে ঘিরে।

শুক্রবার বিকেলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচ দিয়ে পর্দা ওঠে এবারের বিপিএলের। তবে তার আগের দিনই টুর্নামেন্ট ঘিরে একের পর এক নেতিবাচক খবর শিরোনামে আসে।

টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে তৈরি হয় জটিলতা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সময়ে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস নিয়েও ওঠে অব্যবস্থাপনার অভিযোগ। অসন্তোষ প্রকাশ করে অনুশীলন ছেড়ে যান কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। যদিও পরে আলোচনার মাধ্যমে তারা দলে ফিরে আসেন।

প্রথমদিকে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেটি বাতিল করা হয়। পরবর্তীতে বিসিবি জানায়, সিলেট ভেন্যুতে সীমিত পরিসরে অনুষ্ঠান হবে। উদ্বোধনী ম্যাচের আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত এবং শহীদ ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সবশেষে হাজার হাজার বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তবে এত আয়োজনের মধ্যেও অনুপস্থিত ছিল বিপিএলের ট্রফি। জানা গেছে, ট্রফিটি বিদেশ থেকে আনার প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় উদ্বোধনী দিনে মাঠে আনা সম্ভব হয়নি। এ কারণেই হয়নি প্রচলিত ক্যাপ্টেনস ডে আয়োজনও।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে দিনের প্রথম ম্যাচ শেষে। সেখানে নাচ ও গানের আয়োজন থাকছে। ছয়টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। ফুয়াদ মুক্তাদিরের কোরিওগ্রাফিতে গানের এই আয়োজন চলবে প্রায় ৪৫ মিনিট। এরপর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ, যেখানে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

এবারের বিপিএলে ধারাভাষ্যকার প্যানেলেও থাকছেন দেশি ও বিদেশি পরিচিত মুখ। কমেন্ট্রি বক্সে দায়িত্ব পালন করবেন ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, আতহার আলী খান ও রমিজ রাজা।

সব মিলিয়ে মাঠের খেলা শুরুর আগেই নানা বিতর্কে আলোচিত হয়ে উঠেছে বিপিএলের দ্বাদশ আসর। এখন দেখার বিষয়, মাঠের ক্রিকেট কতটা এই নেতিবাচকতা ছাপিয়ে দর্শকদের মন জয় করতে পারে।