মোস্তাফিজকে নিয়ে তুমুল লড়াই, শেষ হাসি কলকাতার


মোস্তাফিজকে নিয়ে তুমুল লড়াই, শেষ হাসি কলকাতার

আইপিএল নিলামে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়াতে রীতিমতো যুদ্ধ বেঁধে যায় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দিল্লির পর এবার কলকাতাই হলো ‘দ্য ফিজ’-এর নতুন ঠিকানা। টাইগার পেসারকে দলে নিতে তিনবারের চ্যাম্পিয়ন কেকেআর গুনেছে ৯ কোটি ২০ লাখ রুপি।

২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওঠা মোস্তাফিজুরকে ঘিরে শুরু থেকেই আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে বদলি খেলোয়াড় হিসেবে দিল্লির হয়ে খেলা এই বাঁহাতি পেসারের জন্য দ্রুত বিডে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও—যে দলে আগে সফল সময় কাটিয়েছেন তিনি।

দিল্লি ও চেন্নাইয়ের টানাপোড়েনে দর বাড়তে বাড়তে পৌঁছে যায় ৫ কোটির ঘরে। একপর্যায়ে ৫ কোটি ৪০ লাখ রুপিতে গিয়ে দিল্লি সরে দাঁড়ায়। তখন অনেকেই ধারণা করছিলেন, মোস্তাফিজ বুঝি আবার চেন্নাইতেই ফিরছেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নিলামে নাটকীয় মোড় নেয় পরিস্থিতি।

হঠাৎ করে বিডে ঢুকে পড়ে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই দর বাড়িয়ে ৭ কোটি পর্যন্ত নিলেও কেকেআর পিছু হটেনি। দুই দলের প্রতিদ্বন্দ্বিতায় দাম আরও চড়তে থাকে। কিছুটা সময় নিয়ে চেন্নাই ফের বিডে ফিরলেও শেষ পর্যন্ত কেকেআরের দৃঢ় অবস্থানের সামনে আর টিকতে পারেনি।

সব নাটকের অবসান ঘটে ৯ কোটি ২০ লাখ রুপিতে। চেন্নাই সরে দাঁড়াতেই গ্যাভেল পড়ে, আর মোস্তাফিজুর রহমানের নাম ওঠে কলকাতা নাইট রাইডার্সের দলে।

বড় অঙ্কের এই চুক্তির মাধ্যমে আইপিএলে নতুন চ্যালেঞ্জে পা রাখলেন মোস্তাফিজুর। তার বৈচিত্র্যপূর্ণ কাটার ও ডেথ ওভারে কার্যকর বোলিং কেকেআরের আক্রমণে বড় শক্তি যোগ করবে—এমন প্রত্যাশাই করছে ফ্র্যাঞ্চাইজিটি।