বন্ধুত্বের বন্ধন বাড়াতে বাংলাদেশ-জাপান বেসবল ম্যাচ অনুষ্ঠিত


বন্ধুত্বের বন্ধন বাড়াতে বাংলাদেশ-জাপান বেসবল ম্যাচ অনুষ্ঠিত

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আজ সকাল ৭টা থেকে বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে জাপানের কোগাকুইন ইউনিভার্সিটির সিনিয়র হাই স্কুল শিক্ষার্থীদের একটি প্রীতি বেসবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

এই ম্যাচে অংশগ্রহণকারী বাংলাদেশ পুলিশ সদস্যদের মধ্য থেকে বাছাইকৃত খেলোয়াড়দের জাপানে গিয়ে খেলার সুযোগ দেওয়া হবে। খেলাটি ঘিরে পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আয়োজক সূত্র জানায়, খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের সঙ্গে খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হচ্ছে।

ম্যাচ চলাকালে উভয় দলের খেলোয়াড়রা চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এতে বাংলাদেশের খেলাধুলার মান আরও উন্নত হবে।