
মমতাময়ী মাকে হারানোর বেদনা আমৃত্যু বহন করেছেন তোফায়েল আহমেদ। ফাতেমা খানমের কবর-ফলকে হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি উৎকীর্ণ করে লিখেছিলেন—
‘মা, বাবা চলে গেছেন অনেক আগে
চিরনিদ্রায় শায়িত আছেন তোমারই পাশে
তুমিও চলে গেলে আমাদের
সকলকে কাঁদিয়ে,
তবু তোমরা আছ সর্বক্ষণ
আমাদের হৃদয়জুড়ে।
মা, প্রতি মুহূর্ত তোমাদের অভাব
অনুভব করি।
তোমার মনু (তোফায়েল)’
৮২ বছরের জীবন শেষে আবার মায়ের সান্নিধ্যে ফিরলেন জাতির সূর্যসন্তান। এ যেন দ্বিতীয়বার এবং চিরস্থায়ী ফিরে যাওয়া। মুক্তিযুদ্ধে বিজয়ের পর মাথা উঁচিয়ে জন্মভূমিতে ফিরেছিলেন ১৯৭১ সালের ২২ ডিসেম্বর। এর ছয় দিন পর ২৮ ডিসেম্বর ভোলায় গ্রামের বাড়িতে ফেরেন জননীর বুকে।
এবার ৫৪ বছর ৫ মাস ৫ দিন পর ফাতেমা খানমের কাছে চিরদিনের জন্য ফিরে গেলেন তার আদরের ‘মনু’। অন্তিম ইচ্ছা অনুযায়ী মা-বাবার কবরের পাশে চিরশায়িত হলেন বাংলাদেশের জন্ম ইতিহাসের অন্যতম রূপকার তোফায়েল আহমেদ।
জীবন সমাপ্তিতে যেন পূর্ণতা পেল হারিয়ে যাওয়া মায়ের কাছে সন্তানের ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। যে মানুষটি সারা জীবন ভালোবেসেছেন দেশমাতৃকাকে, ইতিহাসকে বুকে ধারণ করেছেন, তিনি শেষ আশ্রয়ও নিলেন শিকড়ের কাছেই—মায়ের পাশে।
তোফায়েল আহমেদের মরদেহ মঙ্গলবার ভোলায় নেওয়ার পর হাজার হাজার মানুষ চোখের পানিতে জানায় শেষ বিদায়। দুপুর আড়াইটায় ভোলা সরকারি স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’।
এরপর বিকেল সোয়া ৪টার দিকে ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মা-বাবা ও স্ত্রীর কবরের পাশে চির শায়িত হন ষাটের দশকের ছাত্ররাজনীতির এই উজ্জ্বল নক্ষত্র।
কিছু মানুষ পৃথিবীতে আসেন সময়কে বদলে দিতে। তাদের জীবন ক্ষণস্থায়ী হলেও কীর্তি হয়ে ওঠে দীর্ঘস্থায়ী। তোফায়েল আহমেদ ছিলেন তেমনই এক ক্ষণজন্মা, কীর্তিমান মানুষ। তার প্রস্থান একটি অধ্যায়ের সমাপ্তি, তবে বাংলাদেশের ইতিহাসে তিনি এক অমোচনীয় নাম।
আপনার মতামত লিখুন :