
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। পেশায় ব্যবসায়ী ও পরামর্শক এই প্রার্থীর বার্ষিক আয় ৯ লাখ ৩৮ হাজার টাকা হলেও তার নিজের বা স্ত্রীর নামে কোনো জমি, বাড়ি কিংবা গাড়ি নেই।
এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নুরুল ইসলাম বুলবুল। তবে সে নির্বাচনে তিনি পরাজিত হন।
রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় নুরুল ইসলাম বুলবুল তার পেশা হিসেবে ‘ব্যবসা ও চাকরি’ উল্লেখ করেছেন। চলতি ২০২৫-২৬ অর্থবছরে হলফনামা জমা দেওয়ার দিন পর্যন্ত তার মোট আয় দেখানো হয়েছে ৯ লাখ ৩৮ হাজার ৬৬৭ টাকা। এর মধ্যে ব্যবসা খাত থেকে আয় ২ লাখ ৫৬ হাজার টাকা এবং পরামর্শক হিসেবে আয় ৬ লাখ ৮২ হাজার ৬৬৭ টাকা।
হলফনামা অনুযায়ী, নুরুল ইসলাম বুলবুলের হাতে নগদ অর্থ রয়েছে ৩০ লাখ ৫০ হাজার ৫৫০ টাকা। তার দুটি ব্যাংক হিসাবে জমা আছে ১ লাখ ১ হাজার ৬০৯ টাকা। এছাড়া বন্ডে ২ লাখ ২০ হাজার টাকা এবং অন্যান্য খাতে বিনিয়োগ রয়েছে ১২ লাখ ৫ হাজার ১১ টাকা। তার সম্পদের মধ্যে রয়েছে ২০ ভরি স্বর্ণ, ১ লাখ টাকা মূল্যের ইলেকট্রনিক সামগ্রী এবং দেড় লাখ টাকা মূল্যের আসবাবপত্র।
হলফনামায় তার স্ত্রীকে পেশায় শিক্ষিকা হিসেবে উল্লেখ করা হয়েছে। স্ত্রীর বার্ষিক আয় দেখানো হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ২২৭ টাকা। তার কাছে নগদ রয়েছে ১৮ লাখ ৩০ হাজার ২৫০ টাকা এবং ব্যাংকে জমা আছে ৫ লাখ ২০ হাজার ২০১ টাকা। উপহার হিসেবে পাওয়া ১৪ ভরি স্বর্ণও তার সম্পদের তালিকায় রয়েছে। এছাড়া প্রার্থীর ছেলের নামে একটি মোটরসাইকেল রয়েছে, যার মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। মেয়ে জাইমা নূরের ব্যাংক হিসাবে জমা আছে ১০ হাজার ১৩৭ টাকা।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, নুরুল ইসলাম বুলবুল ও তার স্ত্রীর নামে কোনো ধরনের স্থাবর সম্পত্তি—যেমন জমি, প্লট, বাড়ি বা গাড়ি—নেই।
নুরুল ইসলাম বুলবুলের নামে বিভিন্ন সময়ে দায়ের হওয়া মোট ৪৩টি রাজনৈতিক মামলার তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ঢাকার যাত্রাবাড়ী থানার একটি মামলা (নং ১৩(১০)২০২২) বর্তমানে চলমান রয়েছে। তার আইনজীবী অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ জানিয়েছেন, ওই মামলায় তিনি বর্তমানে জামিনে আছেন। বাকি মামলাগুলোর মধ্যে কয়েকটিতে তিনি খালাস পেয়েছেন, কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে এবং কয়েকটিতে পুলিশের তদন্ত প্রতিবেদনে তাকে নির্দোষ হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, নুরুল ইসলাম বুলবুল মোট আয় দেখিয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩২২ টাকা এবং মোট সম্পদ ৪৮ লাখ ৭৩ হাজার ৯০৪ টাকা। এ অর্থবছরে তিনি ৫৮ হাজার ৩০১ টাকা আয়কর পরিশোধ করেছেন। অন্যদিকে তার স্ত্রী একই অর্থবছরে ৩ লাখ ৩৭ হাজার ২২৭ টাকা আয় ও ১৭ লাখ ২৩ হাজার ৭২২ টাকার সম্পদ দেখিয়ে ১ হাজার ৩১৯ টাকা আয়কর দিয়েছেন।
হলফনামা অনুযায়ী, এমএসএস ডিগ্রিধারী নুরুল ইসলাম বুলবুলের স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আঙ্গারিয়াপাড়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকার পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় বসবাস করছেন।
আপনার মতামত লিখুন :