পদত্যাগের পথে রাশেদ খান, ধানের শীষে নির্বাচনের সিদ্ধান্ত


পদত্যাগের পথে রাশেদ খান, ধানের শীষে নির্বাচনের সিদ্ধান্ত

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলটি থেকে সরে গিয়ে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, মো. রাশেদ খান ইতোমধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং শনিবার অথবা রবিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিতে পারেন।

আবু হানিফ আরও বলেন, গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগের পর রাশেদ খান বিএনপিতে যোগ দেবেন এবং দলটির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করবেন। পরবর্তীতে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।

এদিকে, রাশেদ খানের পদত্যাগের পর গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে কে দায়িত্ব নেবেন—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ প্রসঙ্গে আবু হানিফ বলেন, দলের উচ্চতর পরিষদের পরবর্তী বৈঠকে এ বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজনৈতিক অঙ্গনে রাশেদ খানের এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বিরোধী রাজনীতির চলমান সমীকরণে তার বিএনপিতে যোগদান আগামী নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।