৩১ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট অর্থ জমা না দিলে হজে গমন অনিশ্চিত


৩১ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট অর্থ জমা না দিলে হজে গমন অনিশ্চিত

হজ ২০২৬-এর সরকারি ও বেসরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

নির্ধারিত সময়ের মধ্যে বাকি টাকা জমা না দিলে সংশ্লিষ্ট হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (২২ ডিসেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ইতোমধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে হজ ২০২৬-এর প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। তবে হজ প্যাকেজ ও গাইডলাইন অনুযায়ী প্যাকেজের সম্পূর্ণ অর্থ ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে জমা দেওয়া বাধ্যতামূলক।

এ সময়ের মধ্যে যেসব হজযাত্রী নির্বাচিত প্যাকেজের পুরো অর্থ জমা দেবেন না, তাদের হজে যাওয়ার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হবে বলে সতর্ক করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।