
ঢাকার মার্কিন দূতাবাস ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে বড় ধরনের জনসমাবেশ এড়িয়ে চলতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে। শুক্রবার দুপুরে দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, গণমাধ্যমের তথ্য অনুযায়ী তরুণ নেতা শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তাঁর জানাজা শনিবার জোহরের নামাজের পর, আনুমানিক দুপুর ২টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওই এলাকা ও ঢাকার বিভিন্ন স্থানে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে বলা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও অনেক সময় সংঘাতপূর্ণ হয়ে সহিংসতায় রূপ নিতে পারে। এ কারণে বিক্ষোভ এড়িয়ে চলতে এবং যেকোনো বড় জনসমাবেশের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার প্রধান অভিযুক্ত হিসেবে ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর শেখকে শনাক্ত করেছে। তাঁরা পলাতক থাকলেও তাঁদের পরিবারের সদস্যসহ এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় এবং ফার্মগেটে ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি দুই পত্রিকার সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আপনার মতামত লিখুন :