
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনদের ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম কূটনীতিকদের উদ্দেশে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন।
সূত্র জানায়, ব্রিফিংয়ে একাধিক কূটনৈতিক মিশনের প্রধান অথবা তাদের প্রতিনিধিরা অংশ নেবেন। সেখানে দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
জানা গেছে, ব্রিফিংয়ে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ও রোডম্যাপ, নির্বাচনী পরিবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি প্রস্তুতি এবং প্রার্থীদের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বসহকারে উপস্থাপন করা হবে।
এছাড়া নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া, সরকার ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সমন্বয় এবং স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ সম্পর্কেও কূটনীতিকদের অবহিত করা হবে।
রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের ভূমিকা ও প্রস্তুতি সম্পর্কেও কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের বিস্তারিত জানাবেন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারের বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পাবে।
আপনার মতামত লিখুন :