
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর প্রকাশ করেছে গালফ নিউজ ও খালিজ টাইমস।
এনসিএম জানায়, সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী রাত ২টা ১১ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। তবে এই ভূমিকম্পের কম্পন ইউএইতে অনুভূত হয়নি এবং দেশটিতে কোনো ধরনের প্রভাব পড়েনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সৌদি আরবের সীমান্তঘেঁষা আরব সাগরে একই মাত্রার (৪.৩) আরেকটি ভূমিকম্প শনাক্ত করা হয়েছিল। সে সময় সৌদি আরব ও ইউএই—উভয় দেশেই কম্পন রেকর্ড করা হয়। ভূতাত্ত্বিকদের মতে, ওই ভূমিকম্পের পেছনে ছিল আরবীয় প্লেটের নড়াচড়া ও ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষজনিত চাপ।
অঞ্চলটির প্রতিবেশী দেশ ইরান, ইরাক ও ওমানে ঘন ঘন ভূমিকম্প হওয়ায় মাঝে মাঝে এর প্রভাব ইউএইতেও অনুভূত হয়। গত ৪ নভেম্বর ওমানের মুসানদামের দক্ষিণে ৪.৬ মাত্রার ভূমিকম্পে আমিরাতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছিল।
এ ছাড়া ১ ডিসেম্বর ভোরে বাহরাইনে ৩.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানলেও সেটির কোনো প্রভাব ইউএইতে পড়েনি। তার আগে ২২ নভেম্বর ইরাকে ভূপৃষ্ঠের প্রায় ৩০ কিলোমিটার গভীরে ৫.০ মাত্রার ভূমিকম্প সংঘটিত হলেও সেটিও আমিরাতে অনুভূত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক এই ভূমিকম্পে সৌদি আরব কিংবা ইউএইতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :