
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলো বিচ্ছিন্ন করার বিষয়ে দেওয়া মন্তব্য নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “হাসনাত সরকারের অংশ নন। সুতরাং তার বক্তব্য সরকারের অবস্থান নয়। বাংলাদেশ কোনো বিচ্ছিন্নতাবাদী ব্যক্তিকে কখনো আশ্রয় দেবে না।”
সম্প্রতি ঢাকায় এক সমাবেশে হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন, ভারত বাংলাদেশবিরোধী অবস্থান নেওয়া ব্যক্তিদের আশ্রয় দিচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে উত্তর-পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে। তার এই বক্তব্য ঘিরে দেশে-বিদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়।
বিষয়টি নিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়ে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলবও করে।
এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশ কোনো ধরনের সন্ত্রাসবাদ বা বিচ্ছিন্নতাবাদে বিশ্বাস করে না। কোনো বিচ্ছিন্নতাবাদী ব্যক্তি আমাদের দেশে এলে সরকার তাকে আশ্রয় দেবে না। এটি সম্পূর্ণভাবে হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত বক্তব্য, সরকারের নয়।”
সরকারের পক্ষ থেকে এভাবে বিষয়টি পরিষ্কার করার মাধ্যমে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা হলো।
আপনার মতামত লিখুন :