
বিএনপির মনোনয়ন না পেয়ে শেষ পর্যন্ত ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন আশরাফুর ইসলাম সেলিম ওরফে কবি সেলিম বালা। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ বিপ্লব হাসানের কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামে শহীদ বিপ্লব হাসানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন সেলিম বালা। এ সময় তিনি শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন। পরে শহীদ বিপ্লব হাসানের বাড়িতে গিয়ে তার বাবা বাবুল মিয়ার সঙ্গে সাক্ষাৎ করে পরিবারের খোঁজখবর নেন।
এ সময় এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য তারিক হোসেন (এমএমই উইং) বলেন, “একজন সাহিত্যমনা ও তরুণ প্রার্থী হিসেবে কবি সেলিম বালার প্রতি ভোটারদের আগ্রহ রয়েছে। তিনি নিভৃতচারী ও দানবীর মানুষ। ভোটের মাঠে তার ক্লিন ইমেজ রয়েছে। আমরা আশাবাদী, জয় নিয়ে ঘরে ফিরব।”
নিজের বক্তব্যে কবি সেলিম বালা বলেন, “জুলাই আন্দোলনে শহীদ বিপ্লব হাসানের কবরে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আজ আমি নির্বাচনী প্রচারণা শুরু করলাম। নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে। কিন্তু ছাত্র-জনতা ও যারা আত্মত্যাগের বিনিময়ে আজ দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করেছেন, তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। শাপলা কলি প্রতীকে আপনাদের ভোট চাই।”
শহীদ বিপ্লব হাসানের কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন এসসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য (কৃষক শক্তি) মাসুদ রানা, এনসিপি গৌরীপুর শাখার প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান, উপসম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক আশিক পাঠান, এনসিপি তারাকান্দা শাখার যুগ্ম সমন্বয়ক পারভেজ হোসেনসহ আরও অনেকে।
স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে এলাকায় দীর্ঘদিন গণসংযোগ ও প্রচারণা চালিয়ে আসছিলেন সেলিম বালা। তবে গত ৩ নভেম্বর ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় দলটির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে।
এরপর ২৩ নভেম্বর জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম মহাসচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে তা ফেসবুকে প্রকাশ করেন সেলিম বালা। তখন থেকেই তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন—এমন গুঞ্জন চলছিল, যা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিল।
আপনার মতামত লিখুন :