
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে দেবীদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে পুলিশ। পরবর্তীতে তিনজনের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় স্থানীয়দের সহায়তায় আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা হলে তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক তৎপর রয়েছে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন বলেন, “রবিউল ও সজিব নামের দুই ব্যক্তিকে সন্দেহভাজন মনে করে আটক করা হয়েছিল। পরে হাসনাত আব্দুল্লাহ নিজেই জানান, তারা তার কর্মী-সমর্থক। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছিল এবং বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :