ধর্ম বা মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না: নাহিদ ইসলাম


ধর্ম বা মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়ার প্রবণতা বাড়ছে, যা দেশের জন্য বিপজ্জনক। তিনি স্পষ্ট করে বলেন, মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না, তেমনি ইসলামের নামেও দেশকে বিভক্ত করা যাবে না। “মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার”—এভাবেই তিনি মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণআন্দোলনের চেতনার প্রতি নিজের অবস্থান তুলে ধরেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় আগ্রাসনবিরোধী যাত্রা শেষে শাহবাগে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের প্রশ্নে জাতি আজও একটি সুস্পষ্ট ও ঐক্যবদ্ধ অবস্থানে পৌঁছাতে পারেনি। তার অভিযোগ, আওয়ামী লীগ দীর্ঘদিন রাজনীতিতে ‘মুজিববাদ’ চাপিয়ে দিয়ে দেশকে বিভাজিত করে রেখেছে।

নাহিদ ইসলাম আরও বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাষ্ট্রগঠনের অন্যতম ভিত্তি। কিন্তু পার্শ্ববর্তী একটি দেশ বারবার বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। তিনি দাবি করেন, ৫ আগস্টের আন্দোলনের মাধ্যমে তারা আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষা বের করে এনে একটি নতুন রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠা করেছেন।

শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, এ ঘটনার পর পরিস্থিতিকে আর হালকাভাবে দেখার সুযোগ নেই। নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণই তাদের একমাত্র ভরসা। পুলিশ বাহিনী ব্যর্থ হলে প্রতিরোধ গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দেশে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। তবে এনসিপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চায় বলে তিনি জানান।

সমাবেশে তার বক্তব্যে রাজনীতি, মুক্তিযুদ্ধ, নিরাপত্তা ও নির্বাচন—সব মিলিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দেন এনসিপির এই নেতা।