যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন প্রদেশের সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ৪১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই এবং এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। আলাস্কার রাজধানী জুনেউ থেকে ২৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে এপিসেন্টারটি অবস্থিত।

হোয়াইটহর্স শাখার রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড বলেন, “ভূমিকম্পটি ছিল বেশ শক্তিশালী। বহু মানুষ কম্পন অনুভব করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষতির তথ্য পাওয়া যায়নি।”

ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে স্থানীয় প্রশাসন।