খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে দোয়ার আহ্বান সরকারের


খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে দোয়ার আহ্বান সরকারের

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর এ দোয়া অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয়—মন্দির, গির্জা ও প্যাগোডায়ও নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেশের সর্বস্তরের জনগণকেও নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানানো হয়।

এর আগে বুধবার (৩ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টার পর তিনি হাসপাতালে পৌঁছান এবং প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন।

হাসপাতালে দায়িত্বশীল চিকিৎসকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি দেশবাসীর প্রতি বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাওয়ার আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।