মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের পাঠানো শুরু, প্রথম দফায় ৬০ জন


মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের পাঠানো শুরু, প্রথম দফায় ৬০ জন

সব প্রক্রিয়া সম্পন্ন করেও এতদিন মালয়েশিয়া যেতে না পারা বাংলাদেশি কর্মীদের পাঠানোর কার্যক্রম অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সরকারি উদ্যোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রথম দফায় ৬০ জন কর্মী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে উপস্থিত থেকে কর্মীদের বিদায় জানান। এ সময় তিনি এই উদ্যোগ সফল করতে প্রধান উপদেষ্টার ভূমিকা এবং মালয়েশিয়া সরকারের আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বোয়েসেল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আসিফ নজরুল বলেন, “সব প্রক্রিয়া শেষ করেও যারা যেতে পারেননি, তাদের পাঠানো সম্ভব হয়েছে সরকারপ্রধানের উদ্যোগে এবং মালয়েশিয়ার সরকারের সহযোগিতায়।”

তিনি আরও জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থনের সমর্থনে আন্দোলনের দায়ে সংযুক্ত আরব আমিরাতে আটক ১৮৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন কর্মসূচিও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূইয়া। সংবর্ধিতদের পক্ষ থেকে মালয়েশিয়াগামী রণি মিয়া স্বপ্নপূরণের সুযোগ করে দেওয়ায় প্রধান উপদেষ্টার প্রতি এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান।

গত ৪ অক্টোবর ঢাকা সফরে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এই কর্মীদের গ্রহণের অনুরোধ জানান। এর আগে গত মে মাসে ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী মালয়েশিয়া সফর করেন।

প্রসঙ্গত, গত বছরের ৩১ মে’র মধ্যে সব ধাপ সম্পন্ন করেও প্রশাসনিক ও কারিগরি জটিলতার কারণে যাত্রা করতে না পারা কর্মীদের বোয়েসেলের মাধ্যমে নতুন করে মালয়েশিয়া পাঠানো হচ্ছে।