দেশজুড়ে ভূমিকম্পে ছয়জনের মৃত্যু


দেশজুড়ে ভূমিকম্পে ছয়জনের মৃত্যু

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে ছয়জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল নরসিংদীর মাধবদীতে, আর রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

ভূমিকম্পে ঢাকার বংশালের কসাইটুলী এলাকায় পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে পথে হাঁটা তিনজন নিহত হন। বংশাল থানার ওসি নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, রেলিং ভেঙে পড়ার পর রক্তাক্ত অবস্থায় পথচারীরা রাস্তায় ছড়িয়ে আছেন এবং আশপাশের মানুষ তাদের উদ্ধারে এগিয়ে আসছেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তার মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগমকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ভুলতা ফাঁড়ির পুলিশ।

নরসিংদীতে মাটির ঘরের দেয়ালচাপায় কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধ এবং গাবতলীতে দেয়ালচাপায় ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্পে শতাধিক মানুষ আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় আছেন। সব হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় পুরো পরিস্থিতি নিবিড়ভাবে মনিটর করছে।