
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে একদিনে ২৪টি বিল পাস হয়েছে। এর মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’ উল্লেখযোগ্য। সকালের অধিবেশনেই ১০টি বিল পাস হয়।
শুক্রবার পাস হওয়া এসব বিলসহ চলতি অধিবেশনে এখন পর্যন্ত মোট ৯১টি বিল পাস হয়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে উত্থাপিত বিলগুলোর ওপর কোনো দফাওয়ারী সংশোধনী প্রস্তাব না থাকায় বিস্তারিত আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার নিজেই।
সংসদের বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করা হয়। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও পরিমার্জন করে নতুন বিল আকারে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।
পাস হওয়া বিলগুলোর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ সংক্রান্ত পাঁচটি বিল উত্থাপন করেন। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী শিল্পকলা একাডেমি সংশোধন বিল, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বনশিল্প উন্নয়ন করপোরেশন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিল, এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আমানত সুরক্ষা, এক্সাইজেস অ্যান্ড সল্ট, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন, গ্রামীণ ব্যাংক সংশোধন, বাংলাদেশ ব্যাংক সংশোধন এবং অর্থবছর সংক্রান্ত বিল উপস্থাপন করেন।
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল ও বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আইন সংশোধন বিল উত্থাপন করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা ও সাইবার সুরক্ষা বিল এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল উপস্থাপন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট কল্যাণ ও পুনর্বাসন বিল উত্থাপন করেন।
এদিকে ব্যাংক রেজল্যুশন বিল নিয়ে বিরোধী দলের এক সদস্য জনমত যাচাইয়ের প্রস্তাব তুললেও কণ্ঠভোটে তা নাকচ হয় এবং বিলটি পাস হয়। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলের ওপর প্রস্তাবিত কিছু সংশোধনী গৃহীত হওয়ার পর বিলটি পাস হয়।
অধিবেশনের শেষদিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন বিলও কণ্ঠভোটে পাস হয়।
সভা শেষে স্পিকার আগামী ১৫ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :