স্বামী হত্যা মামলায় গ্রেপ্তার ‘টিকটকার’ স্ত্রী আঁখি


স্বামী হত্যা মামলায় গ্রেপ্তার ‘টিকটকার’ স্ত্রী আঁখি

কক্সবাজারের রামুতে আলোচিত বেলাল উদ্দিন জিহাদ হত্যা মামলায় অবশেষে গ্রেপ্তার হয়েছেন প্রধান আসামি ও নিহতের স্ত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ‘টিকটকার’ তাহেরা বেগম আঁখি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব-১৫ জানায়, সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার দিকে উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আঁখিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় র‍্যাবের একটি বিশেষ দল।

এর আগে গত ৪ মার্চ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরপরই তার স্ত্রী আঁখি নিখোঁজ হয়ে যান। পরে নিহতের পরিবার বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

ঘটনার পর থেকেই র‍্যাব-১৫ ছায়াতদন্ত শুরু করে এবং বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় অবশেষে কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আঁখি সামাজিক যোগাযোগমাধ্যম ‘টিকটক’-এ বেশ পরিচিত ছিলেন।

আটক তাহেরা বেগম আঁখি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘি এলাকার মো. মুসার মেয়ে বলে জানা গেছে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।